বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
📅 ৭/১১/২০২৬
✍️ লেখক: পিডিওয়ার্ল্ড২৪ ডেস্ক,
💬 ০ মন্তব্য

📷 জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচন সভায় উপস্থিত কমিউনিটটি নেতৃবৃন্দ, মানামা,বাহরাইন
বাহরাইনের রাজধানী মানামায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) দিবসটি উপলক্ষে দূতাবাসে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার, এনডিসির উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি, গণমাধ্যমকর্মী এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, দিবসটি উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দেওয়া বাণী পাঠ এবং উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাস ও রাজনৈতিক বিবর্তনের একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। তিনি ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনাবলি স্মরণ করে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক নেতৃত্বের প্রতি শ্রদ্ধা জানান।
রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে বলেন, ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছিল। তাঁর মূল্যায়নে, ওই সময়ের ঘটনাবলি বহুদলীয় গণতন্ত্রের বিকাশ এবং দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

তিনি জিয়াউর রহমানের ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ ধারণা এবং উৎপাদনমুখী অর্থনৈতিক কর্মকাণ্ডের ওপর গুরুত্ব দেওয়ার বিষয়টিও তুলে ধরেন।
প্রবাসী বাংলাদেশিদের অবদানের প্রশংসা করে রাষ্ট্রদূত বলেন, দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় প্রবাসীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রবাসীদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা দেশের অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সহায়তা করছে।

দেশের রাজনৈতিক পরিবর্তন ও জনগণের প্রত্যাশা প্রসঙ্গে রাষ্ট্রদূত ২০২৪ সালের গণঅভ্যুত্থানের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, জনগণের প্রত্যাশা যথাযথভাবে পূরণ না হওয়ার প্রেক্ষাপটেই ২০২৪ সালের অভ্যুত্থান ঘটেছে। অভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশের নেতৃত্ব জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে রাষ্ট্রদূত বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি গণতন্ত্রের সুরক্ষা, দেশের কল্যাণ এবং প্রবাসী বাংলাদেশিদের অধিকার রক্ষায় নিজ নিজ অবস্থান থেকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত প্রবাসী বাংলাদেশিরাও দিবসটির ঐতিহাসিক তাৎপর্য নিয়ে আয়োজিত আলোচনায় অংশ নেন।
পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। আমন্ত্রিত অতিথিদের আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
তথ্যসূত্র: বাংলাদেশ দূতাবাস, মানামা, বাহরাইন
💬 পাঠকের মন্তব্য
অনুমোদিত মন্তব্য: ০
আপনার মন্তব্য লিখুন
মন্তব্য প্রকাশের আগে PDWORLD24 Admin যাচাই করবে।

